ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন ধরে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে ২৬ হাজার গ্রাহক – DesheBideshe



ব্রাহ্মণবাড়িয়া, ১৪ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত তিন দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। এর ফলে জেলার আবাসিক ও বাণিজ্যিক পর্যায় মিলিয়ে প্রায় ২৬ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই বিপর্যয়ে জনমনে চরম হাহাকার দেখা দিয়েছে। মূলত এলএনজি সংকট এবং প্রতিকূল আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের অন্যান্য অঞ্চলের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও এই সংকট দেখা দিয়েছে।

গত বুধবার দুপুর থেকে জেলার সব ধরণের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন এবং ১৭টি গ্যাস নির্ভর শিল্প কারখানা।

সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়েছে আবাসিক গ্রাহকদের। বাসাবাড়িতে গ্যাস না থাকায় অনেকে মাটির চুলা এবং সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করছেন। কিছু এলাকায় স্বল্প পরিসরে গ্যাস পাওয়া গেলেও চাপের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে সাধারণ মানুষ ও হোটেল রেস্তোরাঁগুলোতে চাপ বৃদ্ধি পেয়েছে।

বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক জানিয়েছেন, মহেশখালীর এফএসআরওতে প্রতিকূল আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি লোড করা যাচ্ছে না। ফলে সরবরাহ ও চাপ কমায় এই সংকট দেখা দিয়েছে। এই সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানানো সম্ভব হয়নি।

এর আগে বিজিডিসিএলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্বল্পচাপ বিরাজ করছে।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬



Scroll to Top