এসএসসি পরীক্ষা শুরুর মাত্র ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়েছিল সুমাইয়া খানম ইভানা (১৬)। রক্ত পরীক্ষায় তার হেপাটাইটিস–বি ধরা পড়ে। সঙ্গে ছিল জ্বর, ঘন ঘন বমি ও প্রচণ্ড দুর্বলতা। খাওয়াদাওয়াও প্রায় বন্ধ হয়ে যায়। গত ২১ এপ্রিল প্রথম পরীক্ষা দেওয়ার পর অসুস্থতা আরও বেড়ে গেলে তাকে চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের প্রবাসী আমির খান ও গৃহিণী খাদিজা আক্তার দম্পতির মেয়ে সুমাইয়া খানম। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন থেকেও পড়াশোনা চালিয়ে গেছে সুমাইয়া। প্রতিটি পরীক্ষার আগে চিকিৎসকের কাছ থেকে সাময়িক ছাড়পত্র নিয়ে অটোরিকশায় প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে গেছে। পরীক্ষা শেষ করে আবার ফিরেছে হাসপাতালের শয্যায়। এরপরও এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ–৫ পেয়েছে। ভবিষ্যতে শিক্ষক হতে চায় সে।