গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি | চ্যানেল আই অনলাইন

নতুন মৌসুম শুরুর আগেই নিজের রেকর্ডের ঝুলিতে আরও চারটি স্বীকৃতি যোগ করলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ইতিহাদ স্টেডিয়ামে তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি সনদ তুলে দেয়া হয়েছে।

প্রিমিয়ার লিগ, উয়েফা নেশনস লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গড়া অসাধারণ সব কীর্তির জন্য এসব স্বীকৃতি পেয়েছেন হলান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

হলান্ডের পাওয়া স্বীকৃতির অন্যতম হলো প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার রেকর্ড। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করে মাত্র ১১১ ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর অল্প সময়ের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন নরওয়ের এই স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমের রেকর্ডের জন্যও স্বীকৃতি পেয়েছেন হলান্ড। ২০২২-২৩ মৌসুমে ৩৮ ম্যাচের লিগে ৩৬ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ডের মালিক হলান্ড। নেশনস লিগে এখন পর্যন্ত ১৯ গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত করা গোলগুলো বিবেচনায় নিয়ে এই স্বীকৃতি দিয়েছে গিনেস।

চতুর্থ স্বীকৃতিটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ২০২৩ সালের ১৪ মার্চ লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে এক ম্যাচেই পাঁচ গোল করেছিলেন হলান্ড। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা তৃতীয় খেলোয়াড় হন তিনি।

এর আগে এই কীর্তি ছিল শুধু লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর দখলে। তাদের পাশে এবার নিজের নাম যুক্ত করলেন হলান্ড। নতুন মৌসুমের আগে চারটি গিনেস স্বীকৃতি পাওয়ায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের রেকর্ড তালিকা আরও সমৃদ্ধ হলো।

Scroll to Top