এলএনজি সরবরাহ বন্ধ: সারা দেশে তীব্র গ্যাস সংকট ও ঢাকায় লোডশেডিং – DesheBideshe



ঢাকা, ১৩ আগস্ট – তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের মধ্যে বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন।

পরিস্থিতি মোকাবিলায় এক সপ্তাহ ধরে ঢাকার বাইরে তীব্র লোডশেডিং চললেও এখন রাজধানীতেও লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার তথ্যমতে মজুত ঠিক রাখতে গত সোমবার থেকেই সামিটের টার্মিনাল থেকে সরবরাহ কমানো হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ২১ জুলাই এক দুর্ঘটনার পর থেকে আংশিক সচল রয়েছে। এই দ্বিমুখী সংকটে রান্নার চুলা থেকে শুরু করে শিল্পকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতেও সিএনজি নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা কমাতে ঢাকাতেও সহনীয় পর্যায়ে লোডশেডিং করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে শনিবার থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ ২০০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে বিপণিবিতান ও আলোকসজ্জার ক্ষেত্রে নতুন সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো জানিয়েছে যে এলাকাভেদে দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিং করা হতে পারে। মূলত বিদ্যুৎ খাতে গ্যাসের জোগান ঠিক রাখতে শিল্প ও আবাসিক খাতে সরবরাহ সীমিত করা হয়েছে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬



Scroll to Top