রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি।

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

সেখানেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এই শূন্য পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন এ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন।

Scroll to Top