সালমান শাহ হত্যা মামলা: বাদীকে প্রাণনাশের হুমকি – DesheBideshe



ঢাকা, ১২ আগস্ট – চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে মামলার বাদী ও নিহতের মামা আলমগীর কুমকুমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি বার্তায় উল্লেখ করা হয়েছে, মামলা নিয়ে সক্রিয় থাকলে যেভাবে সালমানকে হত্যা করা হয়েছে, সেভাবেই তার ভাই শাহরানকেও হত্যা করা হবে।

গত বুধবার ঢাকার আদালতে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন আলমগীর কুমকুম।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বুধবার সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত থাকা আলমগীর কুমকুম একটি ফেসবুক কমেন্টের স্ক্রিনশট সাংবাদিকদের দেখান।

সালমান শাহর এক ভক্তের লাইভ ভিডিওর নিচে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। বার্তায় বলা হয়, নীলা চৌধুরীকে যেন সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করা হয়, অন্যথায় তার ছোট ছেলে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়।

আলমগীর কুমকুম জানান, এই হুমকির বিষয়ে তিনি রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। তিনি বলেন, মূল মামলাটি যেহেতু এই থানায় হয়েছিল, তাই এখানেই অভিযোগ করা হবে।

আদালতে ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন প্রার্থনা করেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

উল্লেখ্য, গত রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মামলাটি নিয়ে আইনি লড়াই অব্যাহত রয়েছে।

পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়েছে এবং বর্তমানে মামলাটি নতুন করে তদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।

এনএন/ ১২ আগস্ট ২০২৬



Scroll to Top