হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe



ওয়াশিংটন, ১১ আগস্ট – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প আরও জানান, প্রণালিতে পেতে রাখা মাইনগুলো শনাক্ত করে সরিয়ে ফেলার কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। বর্তমানে এই জলপথের নিরাপত্তার ভার একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে মাঝেমধ্যে সেখানে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি, যা মার্কিন সেনারা নিয়মিত পরিষ্কার করছে।

গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সংঘাতের ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় ইতিমধ্যে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়।

ফলে এই পথে জাহাজ চলাচল বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে এর আগে ক্ষতিপূরণের দাবি তোলার কথা বলেছিলেন ট্রাম্প।

তিনি জানান, ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য তেহরানের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে। অন্যদিকে ওয়াশিংটনকে একাধিক শর্ত পূরণের পাল্টা দাবি দিয়েছে ইরান। বিশেষ করে নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও এর পরিচালনা নিয়ে দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থান সংকটের সমাধানকে আরও জটিল করে তুলছে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬



Scroll to Top