সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডন কারাগারে – DesheBideshe

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডন কারাগারে – DesheBideshe


সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডন কারাগারে – DesheBideshe

ঢাকা, ৯ আগস্ট – জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে এদিন ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় ডনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, এটি একটি অত্যন্ত আলোচিত মামলা এবং দীর্ঘ সময় পর একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। আসামি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে।

১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর থেকে তার পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছে। এর আগে অপহরণের একটি মামলায় এজাহারনামীয় এক আসামির স্বীকারোক্তিতেও এই হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য উঠে এসেছিল।

বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডনকে যখন আদালতে তোলা হয়, তখন তার মাথায় হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। তবে কাঠগড়ায় দাঁড়ানোর পর সেগুলো খুলে নেওয়া হয়। কালো রঙের ছাপা শার্ট ও জিন্স পরা ডনের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী অংশ নেননি।

দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও আইনি লড়াই শেষে সম্প্রতি ঢাকার একটি আদালত এই ঘটনায় পুনরায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দেয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়, যা নিয়ে এখনো রহস্যাবৃত ঢালিউড পাড়া। সিআইডি এবং পিবিআই তাদের তদন্তে আত্মহত্যার কথা বললেও সালমান শাহর পরিবার বারবার নারাজি প্রদান করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছিল।

বর্তমান প্রেক্ষাপটে ডনের গ্রেপ্তার মামলাটিতে নতুন মোড় নিয়েছে।

এনএন/ ৯ আগস্ট ২০২৬



Scroll to Top