জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের | চ্যানেল আই অনলাইন

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের | চ্যানেল আই অনলাইন

অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের আবহে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। মেক্সিকোর ক্লাব মন্তেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। শোকের দিনে জয়টা পাওয়া হল না ফ্লোরিডার ক্লাবটির, হেরেছে ২-১ ব্যবধানে। গোল করেছেন রদ্রিগো দে পল। মিয়ামির একমাত্র গোলটি করে জার্সি খুলে শোকার্ত মেসিকে উৎসর্গ করলেন কিংবদন্তির জাতীয় দল সতীর্থ।

বাবার মৃত্যুতে রোজারিওতে ফিরে গেছেন মেসি। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন দে পল। ম্যাচের ৩২তম মিনিটে দলকে লিড এনে দেন তিনি। বক্সের বাইরে থেকে কাসেমিরোর পাসে বল পেয়ে মন্তেরে জালে পাঠান দে পল। গোলের পরই জার্সি খুলে ফেলেন, তার জার্সির নিচে ছিল মেসির ১০ নম্বর জার্সি। সেটি দর্শকদের দেখিয়ে মেসিকে উৎসর্গ করেন।

মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই শোক পালন করছে মিয়ামি। ন্যু স্টেডিয়ামের হোর্হে মেসির নাম দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালো আর্মব্যান্ড পরেছিলেন মিয়ামির খেলোয়াড়রা। এমনকি মেসির ১০ নম্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতেও দেখা যায় আবেগঘন দৃশ্য। সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন, ওড়ান পতাকা। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়েরজা, লিও’- যার অর্থ, ‘শক্ত থাকো, লিও।’

শনিবার ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। বাবার ব্যক্তিগত শেষকৃত্যে নেবেন মেসি। শনিবার রাতেই তাই পৌঁছেছেন রোজারিওতে।

Scroll to Top