সালমান শাহর মৃত্যু ও রিজভীর দাবি নিয়ে মুখ খুললেন শাবনূর – DesheBideshe

সালমান শাহর মৃত্যু ও রিজভীর দাবি নিয়ে মুখ খুললেন শাবনূর – DesheBideshe


সালমান শাহর মৃত্যু ও রিজভীর দাবি নিয়ে মুখ খুললেন শাবনূর – DesheBideshe

ঢাকা, ৮ আগস্ট – চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে সম্প্রতি এক ব্যক্তির দেওয়া বিতর্কিত ও পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ বার্তায় তিনি রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামে ওই ব্যক্তির বিভিন্ন দাবিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি আরজে নীরব ও সময় টিভিকে দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী আহমেদ তাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। শাবনূর তার পোস্টে উল্লেখ করেন যে, রিজভী আহমেদ অতীতে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের বক্তব্য বারবার পরিবর্তন করেছেন। কখনো তিনি এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেছেন, আবার কখনো আত্মহত্যা হিসেবে দাবি করেছেন। সম্প্রতি তিনি সালমান শাহর আত্মহত্যার জন্য চিত্রনায়িকা শাবনূর ও সালমানের মা নীলা চৌধুরীকে দায়ী করেছেন।

এই অভিযোগগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে শাবনূর বলেন, এই ব্যক্তির সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না এবং তিনি তাকে চেনেনও না। রিজভী আহমেদের ব্যক্তিগত কিছু দাবিরও কড়া সমালোচনা করেন শাবনূর। রিজভী দাবি করেছিলেন যে ২০১৬ সালে তার সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ ঘটে।

এর জবাবে অভিনেত্রী জানান, রিজভী কয়েক দশক ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং ওই সময়ে শাবনূর কখনোই যুক্তরাজ্যে যাননি। তাছাড়া ওই সময়ে তিনি ইতোমধ্যেই বিবাহিত ছিলেন। তিনি আরও বলেন, রিজভী আহমেদের এসব কথা শুনে মনে হচ্ছে তার সঙ্গে বাস্তবে কোনো বিয়ে নয় বরং স্বপ্নের বাসর হয়েছিল।

শাবনূর আশঙ্কা প্রকাশ করেন যে, সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান মামলার বর্তমান গতিপ্রকৃতি দেখে প্রকৃত দোষীরা নিজেদের আড়াল করতে রিজভীকে দিয়ে এমন বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন যে সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ নেই।

সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো। সবশেষে তিনি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এস এম/ ৮ আগস্ট ২০২৬



Scroll to Top