রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা | চ্যানেল আই অনলাইন

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা | চ্যানেল আই অনলাইন

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের শিরোপা নির্ধারণ হবে আজ রাতে। ফাইনালে মুখোমুখি হচ্ছে জাফনা কিংস ও গল গ্যালান্টস। শিরোপা মহারণে দেখা মিলবে বাংলাদেশি ক্রিকেটারদের দ্বৈরথ। জাফনার হয়ে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় এবং গল গ্যালান্টসের হয়ে নুরুল হাসান সোহান লড়বেন চ্যাম্পিয়ন হতে।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

প্রথম কোয়ালিফায়ারে গল গ্যালান্টসকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে জাফনা কিংস। ম্যাচটিতে জাফনার জয়ে বড় অবদান ছিল তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের। মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। ২০ বলে ফিফটি পূর্ণ করে হৃদয় শেষ দিকে ম্যাচের গতিপথই বদলে দেন। পরে বল হাতে সাকিব আল হাসানও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিন ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত গলকে ১৪ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জাফনা।

প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও ফাইনালে ওঠার সুযোগ হারায়নি গল। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলম্বো ক্যাপসকে ৬ উইকেটে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় তারা। ব্যাট হাতে স্যাম হার্পার ও অধিনায়ক চরিথ আসালাঙ্কার পারফরম্যান্সে সহজ জয় পায় গল। গল স্কোয়াডে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। চোট পাওয়া লিটন দাসের বদলি হিসেবে যোগ দেন তিনি। অভিষেকেই ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সোহান।

Scroll to Top