সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল | চ্যানেল আই অনলাইন

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক অবস্থানের কারণে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর সুযোগ নেই, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেছেন, সাকিব দেশে ফিরতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে।

শুক্রবার আমিনুল হক বলেছেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপর আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোন সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য হওয়ায় সরকার পরিবর্তনের পর তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক আইনি জটিলতাও রয়েছে। হত্যা মামলা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না সাবেক অধিনায়ক।

সম্প্রতি একটি রাজনৈতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশগ্রহণের পর সাকিবকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

Scroll to Top