টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। আজ সকাল থেকেই কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিতে ভিজেছে নগরী। এতে কিছুটা হলেও কমেছে গরমের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ (৪ আগস্ট) মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশে সামান্য কমলেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।




