গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আতিকা অঞ্চলের পসাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন গ্রিসের এবং অন্যজন ডেনমার্কের নাগরিক। তবে অপর হেলিকপ্টারে থাকা গ্রিস ও যুক্তরাজ্যের দুই ক্রু সদস্য অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করে। এতে নিচের হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেটি বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে গ্রিসে চলমান দাবানল পরিস্থিতিও উদ্বেগজনক। সম্প্রতি বোয়োশিয়া অঞ্চল থেকে শুরু হওয়া আগুন পরে আতিকা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনি জানিয়েছে, প্রবল বাতাসের কারণে বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
প্রায় ৩০ হাজার মানুষের বসবাসকারী উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও একজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।



