বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় ১৯টি চলচ্চিত্র সংগঠনকে নিয়ে গঠিত অভিন্ন প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর ৭ নম্বর ফ্লোরে ‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গঠিত ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত এই কমিটিতে অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস্য সচিব করা হয়েছে।
মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়ার পর জয় চৌধুরী বলেন, ১৯টি সংগঠনের সকল নেতার প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে যোগ্য মনে করে ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। সবাই দোয়া করবেন, যেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি।
নেতারা জানান, চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় জোরদার করা এবং শিল্পের স্বার্থে একসঙ্গে কাজ করাই ‘উনিশ সংগঠন’-এর মূল লক্ষ্য।



