কয়েক মাস ধরেই ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে টানাপোড়েন চলছে রিয়াল মাদ্রিদের। এবার সেই টানাপোড়ন ভাঙতে কঠোর অবস্থান নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সমাঝোতায় না পৌঁছালে ব্রাজিল তারকাকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে রাজি ক্লাবটি। চুক্তি নিয়ে সর্বশেষ প্রস্তাব আর বাড়াতে রাজি নয় লা লিগা জায়ান্টরা।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইএসপিএন। বলেছে, ভিনিসিয়াসের প্রতিনিধিদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে রিয়াল, তাদের দেওয়া সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর কোনো আলোচনায় বসবে না তারা। ক্লাবটির বিশ্বাস, এখন সিদ্ধান্ত নেয়ার পালা ভিনিসিয়াসের, তিনি নতুন চুক্তিতে সই করবেন, নাকি অন্য কোথাও নিজের ভবিষ্যৎ গড়বেন।
ব্রাজিলিয়ান উইঙ্গার প্রস্তাব গ্রহণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে, তা না করলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তার ক্লাব ছাড়ার পথ সহজ করে দেবে ক্লাবটি।
রিয়ালের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ বাকি আছে এখনও এক বছর। চুক্তির শেষ বছরে যেন না পৌঁছান এবং পরে বিনা মূল্যে (ফ্রি ট্রান্সফারে) ক্লাব ছাড়ার সুযোগ না পান, সেই উদ্দেশ্যেই এই কঠোর সিদ্ধান্তে পৌঁছেছে রিয়াল।
অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল ছাড়তে চান না ভিনিসিয়াস। তবে নতুন প্রকল্পে নিজের ভূমিকা এবং বেতন, দুই ক্ষেত্রেই বাড়তি নিশ্চয়তা চান তিনি। বিশেষ করে কাইলিয়ান এমবাপে আসার পর দলে নিজের অবস্থান ও গুরুত্ব নিয়ে পরিষ্কার বার্তা প্রত্যাশা করছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। রিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হলেও, সাম্প্রতিক সময়ে আক্রমণভাগে এমবাপেকে কেন্দ্র করেই পরিকল্পনা এগোচ্ছে বলে মনে করছেন ভিনি।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস। বর্তমান চুক্তি অনুযায়ী, তাকে দলে ভেড়াতে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে। ২০২১-২২ ও ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালেই গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২৪ সালে জেতেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট।
এদিকে ভিনিসিয়াস শেষ পর্যন্ত রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে নেয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইংলিশ ক্লাবটির সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।



