অতীতের মত ভবিষ্যতেও রোহিঙ্গা শরনার্থী সংকটে যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধি দলের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপরোক্ত কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা শরনার্থীদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে রোহিঙ্গারা যতদিন থাকবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত আম্বাসেডর সার্জিও গোর শুক্রবার দুপুরে কক্সবাজারে পৌঁছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের মূল নেতৃত্বে রয়েছেন তিনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সার্বিক সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ পরিদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ খাদ্য কর্মসূচি ডব্লিএফপি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে তারা ইউএনএইচসিআর পরিচালিত রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কর্মকর্তাদের সাথেও কথা বলেন।
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মার্কিন প্রতিনিধি দলকে স্বাগতম জানান এবং প্লেকার্ড প্রদর্শন করেন।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।




