আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান

আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান

ভারতের আসামে চলতি মৌসুমের ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সালমান খান

এই সংকটকালে বলিউড সুপারস্টার সালমান খান এগিয়ে এসেছেন সরাসরি ত্রাণ কার্যক্রম নিয়ে। তাঁর দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ আসামের নিজস্ব ফ্যানক্লাব ‘সালমান খান ফ্যানক্লাব (এসকেএফসি) আসাম’-এর সঙ্গে যৌথভাবে বহু-পর্যায়ের একটি ত্রাণ কার্যক্রম শুরু করেছে, যার লক্ষ্য শিবসাগরসহ বন্যা কবলিত এলাকার পরিবারগুলো।

প্রথম পর্যায়ে গুয়াহাটি থেকে সরবরাহ আনিয়ে বিস্কুট, গুড়, চিঁড়া, মুড়ি, রুটি, পনির ও জ্যামসহ প্রস্তুত খাদ্যপ্যাকেট বিতরণ করা হচ্ছে, পাশাপাশি ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন ও মশা তাড়ানোর সামগ্রীও দেওয়া হচ্ছে।

সংস্থাটির লক্ষ্য পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অন্তত তিন দিনের খাবার নিশ্চিত করা। পরবর্তী পর্যায়ে রেশন কিট বিতরণ, নির্মাণসামগ্রী সরবরাহ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। মুম্বাইয়ে পরিচালক বামশি পাইডিপল্লীর নতুন ছবির শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সালমান ব্যক্তিগতভাবে ফ্যানক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বলে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, আসামের এই বন্যা পরিস্থিতিতে বলিউডের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আহ্বান জানিয়েছেন— যেমন আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রামে বন্যার ভয়াবহতা তুলে ধরে সহায়তার আহ্বান জানান, ভূমি পেডনেকরও শুরু থেকেই সোচ্চার ছিলেন। তবে সালমান খানই এখন পর্যন্ত হাতে গোনা তারকাদের একজন যিনি সরাসরি মাঠপর্যায়ে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অভিনেতা আদিল হুসেন ও গায়ক পাপনও আসামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।

Scroll to Top