ছেলেদের সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের এবারের আসর বসেছে পাকিস্তানে। ছয় দল নিয়ে আয়োজিত আসরে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ভলিবল দল। সেমিতে হরোষিত-নাঈমদের প্রতিপক্ষ উজবেকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নামবে বিকেল সাড়ে ৩টায়।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া আসরে ৬ দেশের মধ্যে বাংলাদেশ টেবিলে তৃতীয় হয়েছে। সেরা চারের সেমিফাইনালে দুইয়ে থাকা উজবেকিস্তানকে প্রতিপক্ষ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই সেটে হারের পর অসাধারণ প্রত্যাবর্তনে পরের তিন সেট জিতে টেবিলে তিনে থেকে গ্রুপপর্ব শেষ করে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আসর শুরু করেছিল। ম্যাচে তারা ৩-২ সেটে প্রথম জয় পায়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সরাসরি সেটে হেরে যায়। তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায়। এবার হারায় কাজাখস্তানকে, ব্যবধান ছিল ৩-২ সেট।
আসরে বাংলাদেশের চতুর্থ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই করে। নেপালের বিপক্ষে হরোষিতের দল জয় তোলে ৩-২ সেটে। স্বাগতিক এবং আসরে একমাত্র অপরাজিত থাকা পাকিস্তানকে এড়াতে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরুর পরও প্রথম দুই সেট বাংলাদেশ ২৪-২৬ ব্যবধানে হেরে যায়। এরপর ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের গল্প লেখে। পরের তিনটি সেটে টানা জিতে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নেন নাঈম হোসেনরা।


