কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন! এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে তিনি থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।
মধুমিতা সরকার মূলত কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘চিনি’সহ একাধিক জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে।
বাংলাদেশে এর আগে তিনি বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার তিনি ঢাকার সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জগতকে ঘিরে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নিষ্ঠুর শিকার হন।
নির্মাতার ইকবাল আগেই জানিয়েছেন, সিনেমার সবচেয়ে বড় চমক হলো এখানে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প এগিয়ে যাবে একজন নারীকে ঘিরে। তিনিই ছবির প্রধান চরিত্র, আবার গল্পের বিভিন্ন বাঁকে তাকেই ভিলেনের ভূমিকায়ও দেখা যাবে। ফলে এটি একেবারেই নারীকেন্দ্রিক একটি সিনেমা হতে যাচ্ছে।
মধুমিতা সরকারের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নির্মাতা মোহাম্মদ ইকবাল সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, “এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। সবকিছু কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এ বক্তব্যের পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। কারণ, এর আগে ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে সেটি বাস্তবায়ন হয়নি। এবার নতুন পরিকল্পনায় ছবিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পহেলা আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। আগামীবছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।



