বরগুনায় মো. আফাং শিকদার নামে এক প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা। তাকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।
শনিবার (২৫ জুলাই) এ ঘটনার বিস্তারিত জানা গেছে। এর আগে গত রোববার সন্ধ্যায় বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতাতলা এলাকায় মরদেহ সড়কে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে নিহতের স্ত্রী রাবেয়া বেগম, তার মেয়ে এবং কথিত প্রেমিক হাসান মিলে জোরপূর্বক আফাং শিকদারকে বিষপান করান।
অভিযোগ অনুযায়ী, অসুস্থ অবস্থায় আফাংকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ওপর হামলার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্যও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

