ভারতের শিক্ষার্থীদের সব দাবি মানল সরকার, ৩৬ দিনের আন্দোলন স্থগিত – DesheBideshe

ভারতের শিক্ষার্থীদের সব দাবি মানল সরকার, ৩৬ দিনের আন্দোলন স্থগিত – DesheBideshe


ভারতের শিক্ষার্থীদের সব দাবি মানল সরকার, ৩৬ দিনের আন্দোলন স্থগিত – DesheBideshe

নয়াদিল্লি, ২৫ জুলাই – কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।

শনিবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সিজেপি মুখপাত্র সৌরভ দাশ। এ সময় তিনি আন্দোলনকারীদের দ্রুত আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে যে সকল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

সিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণ নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রস্তাবিত পাঁচ দফা পরীক্ষা সংস্কারের বিষয়গুলো কেন্দ্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ৩৬ দিনব্যাপী চলা এই আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগের জন্য সিজেপি মুখপাত্র আশুতোষ রঙ্কা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল মৃতদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের ক্ষমা প্রার্থনা।

জানা গেছে যে ক্ষতিপূরণ ও পুলিশের ক্ষমা চাওয়ার মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চার সপ্তাহ পর সরকারের সঙ্গে ফের আলোচনায় বসবে সিজেপির প্রতিনিধিদল।

এনএন/ ২৫ জুলাই ২০২৬



Scroll to Top