ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে | চ্যানেল আই অনলাইন

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে | চ্যানেল আই অনলাইন

অনলাইনে ভুয়া প্রোফাইল, এআই-নির্ভর প্রতারণা এবং নিম্নমানের কনটেন্টের বিস্তার রোধে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি চালু করছে একটি বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, যা পেতে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন এই ঘোষণা দিয়ে জানান, নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হতে পারে।

মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে। পরিচয় যাচাই সফল হলে ব্যবহারকারীর প্রোফাইল ছাড়াও ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং এবং প্ল্যাটফর্মের বিভিন্ন সেবায় ভেরিফায়েড ব্যাজটি প্রদর্শিত হবে।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো সেলিব্রিটি, জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতীক নয়। এটি কেবল নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন। ফলে এটি অর্থের বিনিময়ে পাওয়া মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন সেবার বিকল্প হিসেবে বিবেচিত হবে না।

মেটার ভাষ্য, জেনারেটিভ এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই বাস্তবসম্মত ছবি ও তথ্য ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতারণামূলক বার্তা ছড়িয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এমন জালিয়াতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে টিকটকের আদলে ফুল-স্ক্রিন ইমারসিভ ভিডিও ফিডও পরীক্ষামূলকভাবে চালু করছে মেটা। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাবেন এবং চাইলে আগের ফিডভিত্তিক ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।

মেটা জানিয়েছে, পেজ বা প্রমোটেড অ্যাকাউন্টের জন্য নতুন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ প্রযোজ্য হবে না। আগামী সোমবার থেকে ধাপে ধাপে নির্বাচিত কয়েকটি দেশে ফিচারটি চালু হবে। পরবর্তীতে এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।

Scroll to Top