লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা | চ্যানেল আই অনলাইন

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা | চ্যানেল আই অনলাইন

ইংলিশ ফুটবলের একসময়ের রূপকথার দল লেস্টার সিটি কঠিন সময় পার করলেও ক্লাব ছেড়ে যাওয়ার কোন ইচ্ছা নেই মালিক আইয়াওয়াত শ্রীভাদ্ধনপ্রভার। ইউরোপের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লেস্টার সিটি তার কাছে ‘নিজের সন্তানের মতো’। তাই ক্লাবকে আবারও সাফল্যের পথে ফেরাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি।

প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর ক্লাবের বর্তমান পরিস্থিতিকে কঠিন বলে স্বীকার করেছেন আইয়াওয়াত। তবে হতাশ না হয়ে পুরো ক্লাব কাঠামোতেই বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধান নির্বাহী (সিইও), কমার্শিয়াল ডিরেক্টর ও স্পোর্টিং ডিরেক্টর নিয়োগের পাশাপাশি ফুটবল পরিচালনায় আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান লেস্টার মালিক।

তিনি বলেন, তাৎক্ষণিক সাফল্যের চেয়ে দীর্ঘমেয়াদে শক্তিশালী একটি দল গড়ে তোলাই এখন ক্লাবের মূল লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে একাডেমি থেকে তরুণ খেলোয়াড় তুলে আনা, সঠিক ফুটবল দর্শন প্রতিষ্ঠা এবং আর্থিক নিয়ম মেনে দল পরিচালনায় গুরুত্ব দেয়া হবে।

একই সঙ্গে আর্থিক নিয়ম নিয়ে উদ্বেগের কথাও স্বীকার করেছেন আইয়াওয়াত। তবে সব চ্যালেঞ্জ কাটিয়ে লেস্টার সিটিকে আবারও ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি আশাবাদী।

Scroll to Top