কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা | চ্যানেল আই অনলাইন

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা | চ্যানেল আই অনলাইন

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোবায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনএএমই ল্যাবের পরিচালক ও যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং সিএইএস এর পরিচালক ড. জেসন সি. হোয়াইট আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আওতায় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন, বিশেষ করে ন্যানো-সার ও ন্যানো-কীটনাশক উদ্ভাবন এবং এর ব্যবহার নিয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে।

এছাড়া চুক্তির আওতায় যবিপ্রবির এনএএমই ল্যাবের গবেষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিএইএস এ গবেষণার সুযোগ পাবেন। একই সঙ্গে যৌথ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পেও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

এই যৌথ উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. মো. জাবেদ হোসেন খান জানান, এই চুক্তিটি ন্যানো-কৃষি খাতে গবেষণার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি যেমন টেকসই কৃষি সমাধানের পথ প্রসারিত করবে, তেমনি স্থানীয় গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার বড় সুযোগ তৈরি করে দেবে।

প্রসঙ্গত, সিএইএস হলো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র এবং বিশ্বের শীর্ষস্থানীয় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণা কেন্দ্র। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষি গবেষণা কেন্দ্র। সিএইএস এর মূল লক্ষ্য হলো গবেষণা পরিচালনা করা।

পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে শিক্ষিত করার এবং কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সমাধানে সচেষ্ট ব্যক্তিদের কাছে নতুন গবেষণালব্ধ তথ্য পৌঁছে দেওয়ার জন্যও বিভিন্ন কর্মসূচির পরিচালনা করে থাকে।

Scroll to Top