প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-৩ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মোবাইদুল ইসলাম। বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তিনি জাতীয় বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী বেতন এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মোবাইদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার একজন বাসিন্দা। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। কনটেন্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং যোগাযোগ কৌশলভিত্তিক কাজে তার দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কনটেন্ট স্ট্র্যাটেজি, ডিজিটাল কমিউনিকেশন এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-৩ হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন অঙ্গনের পরিচিতজনরা।

