রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরে তিনি জানান, গত কয়েক দিন দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে তিনি অবগত নন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন। তিনি জানান, মূলত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় দুদিন আগে দেশে ফিরে এসেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। ফলে এ সময়ে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে তার জানা নেই।
তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে? এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে, স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে। তবে এ বিষয়ে সরকারের কাছেও কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার কোনো তথ্য জানে না এবং এ ধরনের কোনো প্রক্রিয়াও সরকারের পক্ষ থেকে শুরু হয়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, বর্তমানে যেটি প্রচারিত হচ্ছে, সেটি কেবল গুঞ্জন। ভবিষ্যতে যদি বাস্তবে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সরকার সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এ মুহূর্তে তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।



