তরুণীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তি এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো সংসদীয় আসনের বিভিন্ন এলাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, নুরনগর, কৈখালী, ঈশ্বরীপুর এবং শ্যামনগর সদর এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদুজ্জামান।
উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন ব্যবসায়ী মিজানুর রহমান। সেখানে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।
এদিকে, ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ডা. আব্দুল হালিম। এতে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এবং ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান।
এ ছাড়া কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে বক্তারা গাজী নজরুল ইসলামের অবিলম্বে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করারও ঘোষণা দেন তারা।




