মুম্বাইয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা রিয়া যাদব। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার দাদারের শিবাজি পার্ক এলাকায় পরীক্ষার অনিয়মের প্রতিবাদে চলা ছাত্র বিক্ষোভের সময় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। এ সময় রিয়া যাদব একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এবং সরে যেতে অস্বীকৃতি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরে তিনি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার এই অবস্থানের পর আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়। পরে সাংবাদিকদের রিয়া বলেন, পুলিশ দায়িত্বশীলভাবে তাদের কাজ করছে না।
এনডিটিভি জানায়, রিয়া যাদব একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি ‘দিলবারা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এছাড়া ‘রিয়াসাত’ নামে তার নিজস্ব পোশাকের ব্র্যান্ডও রয়েছে।
দিল্লিতে সিজেপি-সমর্থিত ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। দিল্লিতে পরীক্ষায় অনিয়ম এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রতিবাদে রাজনৈতিক দল, শিক্ষার্থী ও অধিকারকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বুধবার ১৪৪ ধারা অমান্য করে শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর ও শিবসেনা ভবন এলাকায় শত শত মানুষ সমাবেশ করে কথিত নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে বেআইনি সমাবেশ ও ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় প্রায় ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।



