আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস | চ্যানেল আই অনলাইন

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস | চ্যানেল আই অনলাইন

লঙ্কান প্রিমিয়ার লিগে শুরুটার দুর্দান্ত ছিল গল গ্যালান্টসের। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ছন্দ হারাল ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে। ৬ উইকেটে বড় হার দেখেছে মেহেদী হাসান মিরাজদের দল।

ডাম্বুলায় টসে হেরে আগে ব্যাটে নামে গল। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৮ রান করে তারা। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

গলের জার্সিতে ৮ নম্বরে ব্যাটে নেমেছিলেন মিরাজ। ২ চারে ১৩ বলে ১৬ রান করেন। আর বল হাতে ২ ওভারে ২১ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

গলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন চামিকা করুণারত্নে। ২২ বলে ৪০ রান করেন স্যাম হারপার। এছাড়া ১৯ বলে ২৫ রান করেন চারিথ আসালাঙ্কা, ১০ বলে ২০ রান করেন দাসুন শানাকা।

ডাম্বুলা বোলারদের মধ্যে ফজলহক ফারুকী ৩ উইকেট নেন। মার্কুইস অ্যাকারম্যান নেন ২ উইকেট।

জবাবে নেমে ৩৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রেজা হেনড্রিক্স। ২৫ বলে ৩৫ রান করেন অ্যাকারম্যান, ১১ বলে ২৯ রান করেন পবন রত্নায়েকে এবং ৬ বলে ২০ রান করেন গুলবাদিন নাইব।

গল বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন দাসুন শানাকা, মোহাম্মদ নাওয়াজ, ইশান মালিঙ্গা ও চামিকা করুণারত্নে।

Scroll to Top