নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি | চ্যানেল আই অনলাইন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি এই পরোয়ানা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আইসিসির সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এএফপি জানিয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেয়র জোহরান মামদানি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করার বিষয়ে তার প্রশাসন সংশ্লিষ্ট আইন গভীরভাবে পর্যালোচনা করেছে। পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তবে এই ক্ষমতা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের রয়েছে।

তাই মামদানি ফেডারেল সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করে পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট। তার মতে, এসব অভিযোগের বিচার আদালতেই হওয়া উচিত। আইসিসির মতোই আমি বিশ্বাস করি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া প্রয়োজন। একই অবস্থান আইসিসির অভিযুক্ত অন্য সবার ক্ষেত্রেও প্রযোজ্য।

২০২৪ সালে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় মেয়র মামদানির বক্তব্য প্রত্যাখ্যান করে আইসিসিকে ‘প্রহসনের আদালত’ বলে মন্তব্য করেছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

Scroll to Top