
ঢাকা, ২২ জুলাই – আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে বড় ধরনের সংশোধনীর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল বকেয়া থাকা ব্যক্তিরাও নির্বাচনে লড়ার অযোগ্য বিবেচিত হবেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই প্রস্তাবনাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সভার সিদ্ধান্তে আরও জানানো হয়, শুধু ঋণখেলাপিরাই নন, যারা অন্যের ঋণের জামিনদার হয়েছেন বা যাদের বিভিন্ন সেবার বিল বকেয়া আছে, তারাও প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা ব্যবস্থাপনা নিয়েও নতুন উদ্যোগের কথা জানিয়েছে কমিশন।
বর্তমানে ১৬ বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়, তবে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন না। তথ্য সংগ্রহের এই বয়সসীমা আরও কমানোর পরিকল্পনা করছে কমিশন। প্রাথমিক পর্যায় বা এসএসসি পর্যায় থেকেই তথ্য সংগ্রহ শুরু করা যায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমানে পর্যালোচনা চলছে।
এনএন/ ২২ জুলাই ২০২৬





