বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে ভবিষ্যতে নিজের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এনজো ফের্নান্দেজ। দেশের জার্সি পরাকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় সম্মান’ উল্লেখ করে চেলসির এই মিডফিল্ডার জানিয়েছেন, প্রতিবার জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেলেই সর্বোচ্চটা দিয়ে লড়বেন।

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনাল হারের ম্যাচে বড় ধাক্কা হয়ে আসে এনজোর লাল কার্ড। স্বাভাবিক সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ২৫ বর্ষী এই ফুটবলার। তার বিদায়ের পর ১০ জনের আর্জেন্টিনা শেষপর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেররান তরেসের গোলে পরাজিত হয়।

তবে সমর্থকদের উদ্দেশে দেয়া বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এনজোলিখেছেন, ‘শুধু একটি ফলাফলের চেয়েও বড় কিছু আছে। এই দল শিখিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা শুধু জয়ের বিষয় নয়, বরং জার্সির জন্য সবকিছু দেয়া এবং কখনো হাল না ছাড়া। আমার দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। যতবার এই জার্সি রক্ষা করার সুযোগ পাব, আমি নিজের সবটুকু দিয়ে যাব।’

এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও হতাশা প্রকাশ করে জানিয়েছেন, ফাইনালের হার কষ্ট দিলেও দলের আত্মনিবেদন কমবে না। তিনি বলেছেন, ‘আমরা ট্রফি ঘরে তুলতে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। তবে আমরা সবকিছু দিয়েছি এবং এই জার্সির গর্ব ও মর্যাদা ধরে রেখেছি।’

ফাইনালের পর মাঠের বাইরের ঘটনাও আলোচনায় এসেছে। স্পেনের উদযাপনের সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে ফিফা।

পারেদেসও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রতি গর্ব প্রকাশ করে লিখেছেন, ‘দেশকে প্রাপ্য আনন্দ দিতে না পারার কষ্ট আছে, তবে আমরা সবকিছু দিয়েছি এবং আবারও আর্জেন্টিনার পতাকা উঁচুতে রেখেছি।’

Scroll to Top