তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি: ৪৪টি জলকপাট খুলে দিল পাউবো – DesheBideshe

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি: ৪৪টি জলকপাট খুলে দিল পাউবো – DesheBideshe


তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি: ৪৪টি জলকপাট খুলে দিল পাউবো – DesheBideshe

ঢাকা, ২০ জুলাই – ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

পানির প্রবল চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশন সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে।

এই পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে একই দিন ভোরেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল। পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের সবকটি জলকপাট খুলে সতর্কাবস্থায় রাখা হয়েছে। এর আগে গত ১৩ জুলাই এই পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। দীর্ঘ সময় নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

আগের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে আমনের বীজতলা ও জমি তলিয়ে থাকায় কৃষকরা চাষাবাদ শুরু করতে পারছেন না।

এস এম/ ২০ জুলাই ২০২৬



Scroll to Top