আসাদুজ্জামান খানকে চেয়ে চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যা প্রয়োজন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী আমরা প্রয়োজনীয় কাজ করব। এটি একটি চলমান প্রক্রিয়া। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে, সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই আশা করে।’
ওই চিঠির বিষয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ কী প্রতিক্রিয়া আশা করে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি গেছে। আমরা অপেক্ষা করব, অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দেবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে।’



