‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব’

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কঠোর কর্মসূচিতে যেতে বিরোধী জোট বাধ্য হবে।

জুলাইয়ের সনদের গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি জাতীয় নাগরিক দলের নাহিদ ইসলাম

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে কর্মসূচির সূচনা হলেও পরবর্তী সময়ে ঢাকায় একটি বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়েও ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তাঁর দাবি, এর মধ্যেও যদি সরকার গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত বিরোধী জোট হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেনি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তাঁর অভিযোগ, সরকারের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমেই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

নাহিদ ইসলাম দাবি করেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই রায় বাস্তবায়ন করছে না। একই সঙ্গে সরকারের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Scroll to Top