
ওয়াশিংটন, ১৭ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমক্ষে দেওয়া বিভিন্ন ভাষণের অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের এক টেলিপ্রম্পটার অপারেটরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গ্যাব্রিয়েল পেরেজ ২০১৬ সাল থেকে হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণগুলোতে কোন শব্দ বা স্লোগান ব্যবহার করা হবে তা আগে থেকে জেনে তিনি বাজি ধরতেন। কালশি নামের একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে এই অনৈতিক বাণিজ্য করা হতো।
গত মার্চ মাসে কালশি কর্তৃপক্ষের নজরে সন্দেহজনক এই বাজির বিষয়টি ধরা পড়ে। অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তারা জানতে পারে যে বাজি ধরা ব্যক্তিটি স্বয়ং হোয়াইট হাউসের ভেতরে বসে টেলিপ্রম্পটার পরিচালনা করেন। পেরেজ তার এই অবৈধ মুনাফা তুলে নেওয়ার আগেই কালশি তার অ্যাকাউন্টটি অবরুদ্ধ করে দেয় এবং সেখানে থাকা বিপুল অর্থ আটকে রাখা হয়।
কালশির এনফোর্সমেন্ট প্রধান রবার্ট ডেনল্ট জানান যে তারা সব তথ্য প্রমাণ নিয়ন্ত্রক সংস্থার কাছে হস্তান্তর করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি সম্পর্কে জানেন।
অভিযুক্ত কর্মীকে ইতিমধ্যে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি আর কখনও হোয়াইট হাউসে ফিরতে পারবেন না। পেরেজ বর্তমানে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন এবং তার বিরুদ্ধে আপাতত ফৌজদারি মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস এম/ ১৭ জুলাই ২০২৬


