ঠাকুরগাঁও সদর উপজেলায় খেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি খেতে পাট কাটতে যান প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র বলেন, “খেতে পাট কাটার সময় আচমকা বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। এই আকস্মিক ও বর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।”


