এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ | চ্যানেল আই অনলাইন

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ | চ্যানেল আই অনলাইন

বিশ্বের শীর্ষ ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট প্রায় দুই দশকের দাতব্য অংশীদারিত্বের ইতি টেনেছেন। জেফরি এপস্টিনকে ঘিরে নতুন করে প্রকাশিত তথ্যের পর বিল গেটসের প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশনে আর অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) বাফেট ঘোষণা দেন, বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৬ বিলিয়ন ডলারের শেয়ার তিনি পরিবারের নিয়ন্ত্রিত চারটি ফাউন্ডেশনের মধ্যে দান করছেন। তবে এবারের অনুদান তালিকায় নেই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিষয়টি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

২০০৬ সালে ওয়ারেন বাফেট ঘোষণা দিয়েছিলেন, জীবদ্দশায় ধাপে ধাপে নিজের অধিকাংশ সম্পদ দান করবেন। সেই অঙ্গীকার অনুযায়ী গত প্রায় ২০ বছরে তিনি গেটস ফাউন্ডেশনকে ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বার্কশায়ার শেয়ার দান করেছেন। কিন্তু সর্বশেষ অনুদান কর্মসূচিতে ফাউন্ডেশনটির নাম বাদ পড়ায় দুই বিলিয়নিয়ারের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি বিল গেটস নতুন বিতর্কে জড়ান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রয়াত অর্থনৈতিক পরামর্শক ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিন-সংক্রান্ত কিছু নথি প্রকাশ করে। সেখানে গেটসের সঙ্গে এপস্টিনের ছবি এবং যোগাযোগের তথ্য উঠে আসে। তবে গেটসের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

মার্চে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট জানান, এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের পর থেকে বিল গেটসের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। তবে ২০৩৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমার হাতে থাকা বাকি সব বার্কশায়ার শেয়ারও এই চারটি ফাউন্ডেশনের কাছে চলে যাবে।

গেটস ফাউন্ডেশন এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে, গত মাসে মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে বিল গেটস বলেন, ২০১১ সালে এপস্টিনের পরিচয় হয়েছিল। কয়েকটি বৈঠকে সম্ভাব্য দাতব্য উদ্যোগ নিয়ে আলোচনা হলেও সেখান থেকে কোনো কার্যকর ফল আসেনি। ২০১৪ সালের মধ্যেই যোগাযোগের ইতি ঘটে।

উল্লেখ্য, জেফরি এপস্টিন ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার এক মাস পর নিউইয়র্কের একটি কারাগারে মারা যান। কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিল।

Scroll to Top