ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বক্তারা বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি এবং তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূলধারায় যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ এ স্টার্টআপ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Scroll to Top