ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এএসআই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ।
সোমবার (১৩ জুলাই) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটের হাতে সম্মাননা তুলে দেন।
জুন মাসের মূল্যায়নে অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানা হিসেবে প্রথম হয়েছে পল্লবী থানা, দ্বিতীয় তুরাগ থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেমরা জোনের এসি মো. শামীম হোসেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের এসি মো. আবদুল্লাহ আল মামুন, পিপিএম।
এসআই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আদাবর থানার এসআই তরুণ কুমার এবং দ্বিতীয় হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম।
এএসআই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম।
গোয়েন্দা (ডিবি) বিভাগে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, পিপিএম-সেবা।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে প্রথম হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় হয়েছেন গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসব কর্মকর্তা ও ইউনিটকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডিএমপি কমিশনার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা এবং জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।


