সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস: বন্যা ও জলাবদ্ধতায় বাড়ছে উদ্বেগ – DesheBideshe

সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস: বন্যা ও জলাবদ্ধতায় বাড়ছে উদ্বেগ – DesheBideshe


সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস: বন্যা ও জলাবদ্ধতায় বাড়ছে উদ্বেগ – DesheBideshe

ঢাকা, ১৩ জুলাই – দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে চলা টানা ও ভারী বর্ষণ জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে রাজধানীতে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসী চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করলেও আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক কোনো স্বস্তির খবর মেলেনি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার দেশের বিভিন্ন স্থানে পুনরায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজধানীর পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বেগের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

বাংলাদেশে বর্তমানে মৌসুমী বায়ু বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এনএন/ ১৩ জুলাই ২০২৬



Scroll to Top