হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

নরওয়ের রূপকথা লিখেছিলেন আর্লিং হালান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা এবং শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ভাইকিংসের দেশটি। আর্লিং হালান্ডে ভর করে কোয়ার্টার ফাইনালে খেলার ইতিহাসও গড়েছিল দেশটি। সেমিফাইনালের ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষেও ছিল দুর্দান্ত। লিড নিয়েছিল আগে, তবে জুড বেলিংহ্যামের জোড়া গোলে থামল হালান্ডের নরওয়ের রূপকথা। ২-১ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে হ্যারি কেনের ইংল্যান্ড।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ইংল্যান্ডের গোল দুটি করেছেন বেলিংহ্যাম। নরওয়ের একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেল্ডারাপ। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে। আগামী ১৫ ‍জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটালান্টায় গড়াবে ফাইনালে ওঠার মহারণ।

ম্যাচের শুরুর দিকে নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথম হাইড্রেশন বিরতি পর্যন্ত বলের দখল রেখে আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে ইংলিশরা। অন্য দিকে নরওয়ের মনযোগ ছিল রক্ষণে। বিরতি থেকে ফিরেই খেলার ধরণ পাল্টায় নরওয়ে। তার সুফলও পায়, বেশ কয়েকবার আক্রমণে গিয়ে গোলেরও দেখা মেলে। ৩৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ইংল্যান্ড জালে জড়ান আন্দ্রেয়াস শেল্ডারাপ।

১১ মিনিট লিড ধরে রেখেছিল নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে নরওয়ে জালে বল পাঠান রিয়াল মাদ্রিদ তারকা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নরওয়ে জালে জড়ান হ্যারি কেন। তবে অফসাইডের ফাঁদে পড়ায় আর লিড পাওয়া হয়নি তাদের। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর নেমে ৫৫ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। কর্নার থেকে আসা বল আলতো ছোঁয়ায় সামনে পান আলেকজান্ডার সরলোথ। তার শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ফিরতি বল পেয়ে জালে পাঠান টরবর্ন হেগেম। তবে কর্নার থেকে বল আসার সময়ে ইংল্যান্ড মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। সেই ফাউলের কারণে ভিএআর মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি। নরওয়েকে কর্নারটি আবার নেওয়ার সুযোগ দেয়া হয়। তবে কর্নার থেকে কোনো বিপদ হয়নি।

এরপর দুদলেই একাধিক সুযোগ তৈরি করে, তবে জালের দেখা মেলেনি। ১-১ সমতায় ৯০ মিনিট শেষ হওয়াতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেন বেলিংহ্যাম। মরগান রজার্সের নেয়া শটে বলটি নরওয়ের গোলরক্ষক ওরান নাইল্যান্ডের হাত ফসকে বেরিয়ে যায়। ঠিক সেখানেই বেলিংহ্যাম। ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান। ২-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পরে একাধিক চেষ্টা করেও সমতায় ফেরা হয়নি নরওয়ের। আক্রমণের ধারা বজায় রেখে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় থমাস টুখেল শিষ্যরা।

Scroll to Top