আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো। শেষ ষোলোতে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে আলোচনার পর এবারও ম্যাচ অফিসিয়ালদের দিকে থাকছে বাড়তি নজর।

৪৭ বর্ষী পিনহেইরো ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে রেফারিং করছেন। এপর্যন্ত ৪৪২টি ম্যাচ পরিচালনা করে তিনি দেখিয়েছেন ১ হাজার ৯৮৫টি হলুদ কার্ড, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৪.৪৯টি। পাশাপাশি ৮৪টি লাল কার্ড (ম্যাচপ্রতি গড় ০.১৯) এবং ১৪৯টি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন।

তবে চলতি বিশ্বকাপে তুলনামূলক সংযত ছিলেন এই পর্তুগিজ রেফারি। তিনি গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের ৪-১ ব্যবধানে বসনিয়াকে হারানোর ম্যাচ এবং শেষ ৩২-এ সাউথ আফ্রিকার ১-০ গোলে কানাডাকে হারানোর ম্যাচ পরিচালনা করেন। বসনিয়ার বিপক্ষে ম্যাচেই তিনি বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড দেখান। সেই ম্যাচের যোগ করা সময়ে তার দেয়া পেনাল্টি থেকে গোল করেন গ্রানিত জাকা। দুটি সিদ্ধান্তই যায় সুইজারল্যান্ডের পক্ষে।

এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে দায়িত্ব পালন করবেন পিনহেইরো। তাকে সহায়তা করবেন দুই পর্তুগিজ সহকারী রেফারি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন কানাডার ড্রু ফিশার এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি মাইকেল বারওয়েগেন।

Scroll to Top