পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। এমন পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। তার এক হাতে রশি, অন্য হাতে শিশুকে বসানো একটি বড় পাতিল। পাশে থাকা আরেক সদস্য শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগার জন্য পাতিলের ওপর ছাতা ধরে হাঁটছেন। ব্যতিক্রমী এ উদ্ধার অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আট সদস্যের একটি উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে আট মাস বয়সী ওই শিশুসহ পাঁচ শিশু ও আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটিকে নিরাপদে বহনের জন্য বড় একটি পাতিল ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পানিবন্দি থাকার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পানির গভীরতা ও স্রোতের কথা বিবেচনায় নিয়ে শিশুটিকে বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। পরে অন্যদেরও উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

Scroll to Top