চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত | চ্যানেল আই অনলাইন

বন্যা ও টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি এবং কক্সবাজার জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রথমে জারি করা আদেশে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিত করা হলেও বলা হয়েছিল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করে নতুন আদেশ জারি করা হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও প্লাবনের কবলে পড়েছে। চট্টগ্রামে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ।

Scroll to Top