যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম | চ্যানেল আই অনলাইন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের রাউন্ড অব-৩২ এ ওঠেছিল যুক্তরাষ্ট্র। সেখানে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে কেটেছিল রাউন্ড অব-১৬ এর টিকিট। শেষ ষোলোতে এসে অবশেষে থামতে হল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির। বেলজিয়ামের বিপক্ষে ভালো খেললেও পরাজয় এড়াতে পারেনি। চার্লস ডি কেটেলেয়ারের জোড়া গোলের সুবাধে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বেলজিয়াম। শেষ আটে তারা মুখোমুখি হবে স্পেনের।

সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন চার্লস ডি কেটেলেয়ার, অন্য গোল দুটি করেন হ্যান্স ভানাকেন ও রোমেলু লুকাকু। আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। ৯ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে সহজে যুক্তরাষ্ট্রের জালে জড়ান চার্লস ডি কেটেলেয়ার। ৩১ মিনিটে সমতায় ফেয়ে স্বাগতিকরা। দুর্দান্ত ফ্রি-কিকে বেলজিয়াম জালে বল পাঠান মালিক টিলম্যান। তবে পরের মিনিটেই ফের লিড আদায় করে নেয় বেলজিয়াম। হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কেটেলেয়ার। এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

বিরতির পর নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে যুক্তরাষ্ট্র। বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু বলে তিনি ঠিকঠাক স্পর্শই করতে পারেননি। সেই সুযোগে ম্যাক্সিম ডি কুইপার বলটি সামনে বাড়িয়ে দেন। বল পান হ্যান্স ভানাকেনের সামনে। অনেক দূর থেকেই জালের দিকে শট করেন। ফাঁকা পোস্টের সামনে ছিলেন টিম রেয়াম। তবে যুক্তরাষ্ট্র ডিফেন্ডার শটটি ঠেকাতে ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত বল গড়িয়ে গিয়ে জালে জড়ায়।

এরপর সমতায় ফিরতে বেশ চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে বেলজিয়াম রক্ষণভাঙা সম্ভব হয়নি তাদের। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষঅবধি ৪-১ গোলে জিতে কোয়ার্টারের টিকিট কাটে বেলজিয়াম।

আগামী ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

Scroll to Top