ঝুঁকি এড়াতে থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি – DesheBideshe

ঝুঁকি এড়াতে থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি – DesheBideshe


ঝুঁকি এড়াতে থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি – DesheBideshe

বান্দরবান, ৬ জুলাই – টানা বৃষ্টির প্রভাবে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল ফয়সাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে শনিবার থেকে অব্যাহত বৃষ্টির কারণে সাঙ্গু নদী ও পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তিন্দু ও রেমাক্রীসহ উপজেলার সব পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এবং বৃষ্টিপাত কমে গেলে পুনরায় পর্যটকদের জন্য এসব স্থান খুলে দেওয়া হবে। সাঙ্গু নদীতে তীব্র স্রোত থাকায় বর্তমানে সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। এতে তিন্দু ও রেমাক্রীসহ দুর্গম এলাকার বাসিন্দারা উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না।

এর আগে সোমবার সকালে বান্দরবান থেকে থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের ওপর মাটি পড়ে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া মাটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এস এম/ ৬ জুলাই ২০২৬



Scroll to Top