আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’ | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’ | চ্যানেল আই অনলাইন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে মিশর। দলের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, লিওনেল মেসিকে ঘিরে বাড়তি চিন্তা না করে নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছেন। আত্মবিশ্বাসী কোচ মনে মতে আলবিসেলেস্তেদের স্কোয়াডে কিংবদন্তি লিওনেল মেসি থাকলেও মিশরে রয়েছেন মোহাম্মেদ সালাহ ও ‘২৬ জন মেসি’।

আটলান্টা স্টেডিয়ামে মঙ্গলবার রাত ১০টায় গড়াবে আর্জেন্টিনা ও মিশরের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। ম্যাচের আগে মিশরীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নে ইব্রাহিম হাসান বলেছেন, ‘ওদের দলে মেসি আছে, কিন্তু আমাদের আছে মোহাম্মেদ সালাহ। আর আমাদের ২৬ জন খেলোয়াড়ই যেন একেকজন মেসি। আল্লাহ চাইলে জয় আমাদেরই হবে। আমরা খেলোয়াড়দের বলি, প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দিতে। মেসিকে নিয়ে আমরা আলাদা করে ভাবছি না। প্রতিটি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি। প্রতিপক্ষ মেসির দল হোক বা অন্য কোন দল, আমাদের বিশ্বাস নিজেদের সামর্থ্যের ওপর।’

এবারের বিশ্বকাপে ইতিহাসের সেরা পারফরম্যান্স করছে মিশর। প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে তারা নকআউটে উঠেছে। গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র, নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানো এবং ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি। পরে শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জায়গা করে নেয়।

ইব্রাহিম হাসান জানান, চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগে সালাহকে নিয়ে শঙ্কা থাকলেও নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তিনি দ্রুত ফিট হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিভারপুল তারকা।

‘জাতীয় দলে হোসাম হাসানের অধীনে সালাহ ধীরে ধীরে নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছে। মাঠের ভেতরে ও বাইরে সে দলের জন্য অনুকরণীয় একজন নেতা।’

Scroll to Top