প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল

প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয় গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশনা পত্র দিয়েছিল।

আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‌‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এ তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে।

বই তিনটি হলো- ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। মাহফুজ উল্লাহর লেখা প্রথম দুটি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী এবং তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। তিনটি বই-ই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই নির্দেশনা বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Scroll to Top